মাদারীপুরে গোপনে বেঠক করার সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান এবং জেলা আওয়ামী বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক, বোটানিক অ্যারমার মালিক আসাদুজ্জামান লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১০ মে) দুপুরে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৯ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর থানায় একটি সন্ত্রাসবিরোধী মামলা হয়। ওই মামলায় প্রধান আসামি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান। মামলার হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে গোপন সূত্রে পুলিশ জানতে পারে জেলা আওয়ামী বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটনের বাড়িতে বসে তারা বৈঠক করছেন। পরে পুলিশ গিয়ে ওই ঘেরাও করে তাদের গ্রেপ্তার করে।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’