পাবনার ঈশ্বরদীতে ২০০ পিস ইয়াবাসহ বাবা-ছেলেকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (১০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে শনিবার (৯ মে) রাতে ঈশ্বরদী পৌরসভার সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া মহল্লার বাসিন্দা মো. ভুট্টু (৪৫) ও তার ছেলে নূর ইসলাম শিমুল (২০)।
ডিবি পুলিশ জানিয়েছে,পাবনায় ডিবি পুলিশের একটি মাদকবিরোধী অভিযান চলছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর ফরাজীপাড়া এলাকায় একটি ফার্নিচারের দোকানের সামনে থেকে ভুট্টু ও তার ছেলে শিমুলকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ভুট্টুর কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও মাদক বিক্রির টাকাও জব্দ করা হয়।
পাবনা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, আটকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন। আটকের পর তাদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।