সাভারের আশুলিয়ায় সাত বছরের এক মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মোহাম্মদ ইলিয়াস নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার রাওজাতুল কুরআন আধুনিক নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।
রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মোহাম্মদ ইলিয়াস ময়মনসিংহ জেলার পূর্বতলা থানার কুকলা গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার ওই মাদ্রাসার শিক্ষক। ভুক্তভোগী শিশুটি ওই মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
ভুক্তভোগী শিশুর স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শিশুটি তার চাচার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করে। গত বুধবার বিকেলে মাদ্রাসা থেকে বাসায় ফিরে শিশুটি কান্নাকাটি করছিল। পরে স্বজনরা তাকে জিজ্ঞাসা করলে সে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করে। এরপর স্বজনরা মাদ্রাসা কর্তৃপক্ষ ও পুলিশকে বিষয়টি জানান।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর স্বজনরা একটি মামলা করেছেন। শুক্রবার (আজ) গ্রেপ্তার শিক্ষককে আদালতে পাঠানো হবে।’