মেহেরপুর শহরে যৌতুকের জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে সাজু হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত সাজু হোসেন মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকার নূর ইসলামের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৪ ডিসেম্বর যৌতুকের দাবিতে স্ত্রী ডলি খাতুনকে ধারাল অস্ত্র দিয়ে গুরুতর জখম করেন সাজু। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ ডিসেম্বর ডলি মারা যান।
এ ঘটনায় নিহতের মা শেফালি খাতুন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে ১১ জন সাক্ষী সাক্ষ্য দেন।
ট্রাইবুনালের পিপি মোস্তাফিজুর রহমান বলেন, সাক্ষ্য-প্রমাণ, জবানবন্দি ও উপস্থাপিত তথ্যের ভিত্তিতে আদালত দণ্ডবিধির ১১/ক ধারায় সাজু হোসেনকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন।