কুমিল্লা নগরীতে ‘ক্রাইম সেটাপ’নামে একটি নতুন কিশোর গ্যাংয়ের আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার (১ মে) বিকেলে গ্যাংয়ের সদস্যরা গোমতী নদীর তীরবর্তী এলাকায় সশস্ত্র মহড়া চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে নিজেদের ‘ক্রাইম সেটাপ’এর সদস্য হিসেবে জানান দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে নগরীর কালাপীর মাজার, ঝাকুনীপাড়া, জগন্নাথপুর, টিক্কারচর, ভাটারপুকুর, কাপ্তানবাজার, বৌবাজার হয়ে চানপুর সারোয়ার স্কুল রোড পর্যন্ত বিস্তৃত এলাকায় ১০০ থেকে ১৫০ জন কিশোরের একটি সংঘবদ্ধ দল বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রসহ মহড়া দেয়। এসময় তাদের হাতে রামদা, চাপাতি ও লাঠিসোঁটা দেখা যায়। এসময় স্থানীয় বাজারের অনেক ব্যবসায়ী ভয়ে নির্ধারিত সময়ের আগেই দোকান বন্ধ করে দেন।
স্থানীয়দের অভিযোগ, এ ধরনের কিশোর গ্যাংয়ের তৎপরতা নতুন নয়। এর আগেও একাধিকবার একই ধরনের ঘটনা ঘটলেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, যেকোনো অপরাধীদের নির্মূল করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাত এবং শুক্রবারও তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।