রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে। শনিবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। শাকিব নামের একজন সিএনজিচালক ঘটনাস্থলে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিএনজিচালক শাকিব জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে ওই মোটরসাইকেল আরোহীকে রং সাইড থেকে আসা একটি ট্রাক সরাসরি আঘাত করে। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী। পরে তাকে উদ্ধার করে রাত ৯টায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের কাজ চলছে।