চুয়াডাঙ্গার দামুড়হুদায় মৌমাছির কামড়ে আনিসুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনিসুর রহমান দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের বাজারপাড়ার আবু তাহেরের ছেলে। তিনি পেশায় ঝিনাইদহ জেলার খালিশপুর এলাকার একটি কোল্ডস্টোরের নৈশপ্রহরী ছিলেন।
আব্দুল্লাহ নামের একজন প্রতিবেশী বলেন, প্রতিদিনের মতো দায়িত্ব শেষে ভোরে পাখিভ্যানযোগে বাড়ি ফিরছিলেন আনিসুর রহমান। এ সময় দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় পৌঁছালে হঠাৎ ভ্যানের সামনে একটি মৌমাছির চাক ভেঙে পড়ে এবং তাকে একাধিক মৌমাছি কামড় দেয়। এছাড়া, একটি মৌমাছি তার কানের ভেতরেও ঢুকে পড়ে।
তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পরে এই অবস্থায় তিনি বাড়িতে আসেন। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। তবে সদর হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসক।
পরিবারের সদস্যদের বরাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, তিনি ভিমরুল বা মৌমাছির কামড়ে আক্রান্ত হয়েছিলেন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
প্রতিবেশী আব্দুল্লাহ বলেন, নিহত আনিসুর রহমান তিন সন্তানের জনক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে জানতে দামুড়হুদা মডেল থানা-পুলিশের পরিদর্শক (অপারেশন) সুলতান মাহমুদ বলেন, ‘এমন কোনো ঘটনা আমার জানা নেই। বিস্তারিত জানতে আমরা খোঁজ নিচ্ছি।’