উজানে ভারী বৃষ্টির কারণে এবার সুনামগঞ্জে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়ে চার দিনের মধ্যে জমির পাকা ধান কাটার অনুরোধ জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। শুক্রবার (২৪ এপ্রিল) পাউবোর পক্ষ থেকে এই আশঙ্কার কথা জানানো হয়েছে।
পাউবোর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর আগামী সাত দিনের বৃষ্টিপাতের তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও তৎসংলগ্ন উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ২৪ থেকে ২৬ এপ্রিল হালকা থেকে মাঝারি, ২৭ এপ্রিল মাঝারি থেকে ভারী এবং ২৮ থেকে ৩০ এপ্রিল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে সুনামগঞ্জের হাওর অববাহিকার সুরমা, কুশিয়ারা, ধনু, বৌলাই, কংসসহ অন্যান্য শাখানদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। ২৮ এপ্রিল থেকে এসব নদীর পানি কোথাও কোথাও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।
২৮ এপ্রিল থেকে সুনামগঞ্জ জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে রয়েছে উল্লেখ করে পাউবোর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে সুনামগঞ্জের হাওরের বোরো ফসলের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই যেসব জমির ৮০ শতাংশ ধান পাকা সেসব জমির ধান দ্রুত কাটার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
এর আগে মঙ্গলবার অকালবন্যার কথা বলেছিল প্রতিষ্ঠানটি। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হাওরের কৃষকেরা যথাসাধ্য চেষ্টা করছেন জমির পাকা ধান কেটে ঘরে তোলার তোলার।