কুষ্টিয়ার মিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে জামায়াত -বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বেশিরভাগই জামায়াতের নেতা-কর্মী ও সমর্থক বলে জানা গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে এলাকায় শিশু-কিশোররা ফুটবল ম্যাচের আয়োজন করে। এসময় একজনকে খেলায় না নেওয়ায় তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে এঘটনাটি উভয়পক্ষের আধিপত্ত্য বিস্তারের পর্যায়ে পৌঁছায়। সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় জামায়াত-বিএনপি নেতাকর্মীরা। এতে উভয পক্ষের অন্তত তিনজন গুরুতর আহত হয়। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এর জেরে শুক্রবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় জামায়াত ও বিএনপির নেতা-কর্মীরা। পরে পুলিশ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম নাগরিক প্রতিদিন-কে জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।