কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্য আরেকটি মোটরসাইকেলের আরোহী গুরুতর আহত হয়েছেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানার ওসি মো. আরিফুল আমিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী লাল সবুজ পরিবহনের একটি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে চলছিল। বাসটি ভোরে বানিয়ারছড়া এলাকায় পৌঁছালে একই লেনে থাকা দুটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী দুর্ঘটনাস্থলেই নিহত হন। পাশাপাশি আরেকটি মোটরসাইকেলের একজন আরোহী গুরুতর আহত হন।
নিহতরা হলেন—ঢাকার উত্তরখান আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) ও একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)। তারা ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজারে যাচ্ছিলেন। অন্যদিকে আহত ব্যক্তিকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে চিরিংগা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত অন্য মোটরসাইকেল আরোহী ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।