জাতীয় চা দিবস-২০২৬
জাতীয় চা দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দুটি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে দেশের অন্যতম চা উৎপাদনকারী প্রতিষ্ঠান কাজী অ্যান্ড কাজী টি।
শুক্রবার (২০ জুন) শ্রীমঙ্গল অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত জাতীয় চা দিবস উদযাপন অনুষ্ঠানে ‘দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা মোড়ক’ এবং ‘বৈচিত্র্যময় চা পণ্য বাজারজাতকরণ’ ক্যাটাগরিতে এ পুরস্কার পায় প্রতিষ্ঠানটি।
কাজী অ্যান্ড কাজী টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরস্কার দুটি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার আশফাকুর রহমান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার সৈয়দ শোয়েব আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী। এছাড়া বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যানসহ সরকারি বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা অনুষ্ঠানে অংশ নেন। দেশের বিভিন্ন চা কোম্পানির প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের চা প্রদর্শন করেন এবং দর্শনার্থীরা অর্গানিক চায়ের স্বাদ গ্রহণের সুযোগ পান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের একমাত্র ১০০ শতাংশ অর্গানিক চা উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে কাজী অ্যান্ড কাজী টি দীর্ঘদিন ধরে পরিবেশবান্ধব উৎপাদন, মানসম্মত পণ্য এবং উদ্ভাবনী বিপণন কার্যক্রমের মাধ্যমে দেশের চা শিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরছে।
প্রতিষ্ঠানটি বলছে, প্রকৃতির প্রতি দায়বদ্ধতা, শ্রমিকদের প্রতি সম্মান এবং গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে তারা বাংলাদেশের চা শিল্পের সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে কাজ করে যাচ্ছে।