৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মোট উত্তীর্ণ হয়েছেন এক হাজার ৫২১ জন। রোববার (২৮ জুন) বিকেলে এ ফল প্রকাশ করা হয়।
পিএসসি জানায়, ৪৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে এক হাজার ৩২০ জনকে ও নন-ক্যাডার পদে ২০১ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে শূন্য পদ ছিল তিন হাজার ৮৬৪টি। এর মধ্যে ক্যাডার পদে শূন্য পদ ছিল তিন হাজার ৬৬৩টি ো নন-ক্যাডার পদে শূন্য পদ ছিল ২০১টি।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বিসিএস (পুলিশ) পদে ১০০ শূন্য পদ থাকলেও ১৫০জনকে সুপারিশ করা হয়েছে। শিক্ষা ক্যাডারে শূন্য পদের তুলনায় কম সংখ্যক পরীক্ষার্থীকে সুপারিশ করেছে পিএসসি।
ফলাফলে দেখা যায়, প্রভাষক পদে বাংলা বিষয়ে ১৩২টি শূন্য পদ থাকলেও সুপারিশ পেয়েছেন আট জন, ইংরেজিতে ৭৭টি শূন্যপদের বিপরীতে ৩০ জন, রাষ্ট্রবিজ্ঞানে ৯০ পদের বিপরীতে নয় জন, দর্শন বিষয়ে ৪৮টি শূন্য পদের বিপরীতে দুই জন, অর্থনীতিতে ৬৩টি শূন্য পদের বিপরীতে ১৮ জন, সমাজকল্যাণে ২৫টি শূন্য পদের বিপরীতে নয় জন, রসায়নে ৪৫টি শূন্য পদের বিপরীতে ১৮ জন, হিসাববিজ্ঞানে ৪২টি শূন্য পদের বিপরীতে মাত্র তিন জন, মার্কেটিংয়ে ১০টি পদের বিপরীতে এক জন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ৫০টি শূন্য পদের বিপরীতে মাত্র দুই জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
এর আগে, ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ এপ্রিল ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হন তিন হাজার ৬৩১ জন প্রার্থী।