রাজধানীর হাতিরঝিলের পাগলা মাজার এলাকার লেকপাড় থেকে এক মো. মাহফুজ (৪০) নামের এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মাহফুজ ঢাকার কামরাঙ্গীর চরের নয়াগাঁও আশরাফাবাদ এলাকার আব্দুল মালেকের ছেলে।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সেলিম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘হাতিরঝিল পাগলা মাজারের বিপরীত পাশে লেকের পাড়ে এক ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেন। পরে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করি। বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এসআই সেলিম উল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি অসুস্থ হয়ে মারা গেছেন। তবুও মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।