বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন ও বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ওয়ানডে ও প্র্যাকটিস ম্যাচ ঘিরে ৪ দিন রাজধানীর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা সড়কটি নির্দিষ্ট সময়ে বন্ধ থাকবে। এই সময়ে নগরবাসীকে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (৬ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ জুন বাংলাদেশ-অস্ট্রেলিয়া অনুশীলন ম্যাচ ও বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৯ জুন প্রথম ওয়ানডে, ১১ জুন দ্বিতীয় ওয়ানডে এবং ১৪ জুন তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে উল্লেখিত তারিখগুলোতে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন প্রশিকা সড়ক যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে।
ডিএমপি কমিশনার, নগরবাসী ও যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে। মিরপুর-১ অভিমুখে চলাচলকারী যানবাহনগুলোকে প্রশিকা ক্রসিং-শিয়ালবাড়ি ক্রসিং-রাইনখোলা-ঈদগাহ মাঠ হয়ে মিরপুর-১ এলাকায় চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার।