ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান জানিয়েছেন, এখন থেকে ন্যূনতম ৫০ ভাগ মামলা গাড়ির মালিককে না দিয়ে চালকের বিরুদ্ধে করা হবে। তিনি বলেন, গাড়ি চালায় চালক, কিন্তু দেখা যায় যে, তারা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। মঙ্গলবার (২ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
চালককে মামলা দিলে দুই ধরনের ঘটনা ঘটবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘একটা হচ্ছে তাকে তো জরিমানার টাকা দিতে হবে, আরেকটা হচ্ছে ডিমেরিটস পদ্ধতিতে তার ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কাটা যাবে।’ ফলে গাড়ির মালিক পরে একজন চালকের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট যাচাই করে তাকে চাকরিতে নিয়োগ দিতে পারবেন বলেও জানান তিনি।
ভুয়া মামলা কিনা সেটি কিভাবে বোঝা যাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের তরফ থেকে কোনোদিন আপনাদের কোনো পাসওয়ার্ড বা কোড নম্বর, এমন কিছু চাওয়া হবে না। আপনার কাছে যে চিঠি যাবে ওই চিঠিতে আমাদের আটটা ডিভিশনের অফিসারদের স্বাক্ষর আছে।’
তিনি জানান, একইসঙ্গে মামলার কপিতে ট্রাফিক টেকনিক্যাল ইউনিটের কর্মকর্তাদের স্বাক্ষর থাকবে। শীঘ্রই গাড়ির নম্বরপ্লেট সঠিক, পরিষ্কার লেখা রয়েছে কিনা সেটি যাচাই করতে অভিযানও পরিচালনা করা হবে।