ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, রাজধানীতে আরও চারটি থানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে একটির প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে পৌঁছেছে। বাকি তিনটি স্থাপনেরও কাজ চলছে।
শুক্রবার (৮ মে) রাজধানীর ৩০০ ফিটে পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ এলাকায় ‘খিলক্ষেত পুলিশ ফাঁড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘মোহাম্মদপুর এলাকায় দুটি পুলিশ ফাঁড়ি আছে। রায়েরবাজার একটা পুলিশ ফাঁড়ি আছে, সেটাকে আরও শক্তিশালী করব। রায়েরবাজারে একটি নতুন থানা হতে যাচ্ছে, এটার প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে আছে। এটা শিগগির পাস করার চেষ্টা করছি। এছাড়া মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগের কিছু এলাকা নিয়ে আরও একটি নতুন থানা করার চেষ্টায় আছি আমরা। এর বাইরেও বসুন্ধরা এলাকায় অর্থাৎ ভাটারা, বাড্ডা এবং খিলক্ষেত এলাকার অংশ ভেঙে বসুন্ধরা নামে আরও একটি থানা স্থাপন করব।’
মো. সরওয়ার বলেন, ‘খিলগাঁও এলাকায় আরও একটি নতুন থানার প্রস্তাব আছে। আপনারা জানেন, পূর্বাচল এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় যাচ্ছে। আমরা এখনো আদেশ পায়নি। পেলে ওই এলাকায় পুলিশিং শুরু করব। পূর্বাচলে চারটি থানা ও ছয়টি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দিয়ে রেখেছি। এছাড়া, পূর্বাচল এলাকায় ট্রাফিক ডিভিশন, এমটিও ওয়ার্কশপসহ পুলিশ লাইনস স্থাপনে ছয় হাজার ফোর্সের চাহিদা আছে।’