ইরানের দক্ষিণাঞ্চলে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় যে ক্রুকে গত দুই দিন খুঁজে পাওয়া যাচ্ছিল না, রোববার (৫ এপ্রিল) তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। উদ্ধার হওয়া মার্কিন বিমান সেনা ‘নিরাপদ ও সুস্থ’ আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত শুক্রবার গুলিতে যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পর থেকে নিখোঁজ দুই বিমান সেনাকে উদ্ধারে বিশেষ তল্লাশি অভিযান শুরু করে মার্কিন বাহিনী। অভিযানের প্রথমদিকেই একজনকে উদ্ধার করা হয়। তার পর থেকে দ্বিতীয় সেনাকে উদ্ধারে জোর তল্লাশি অভিযান চালাচ্ছিলেন মার্কিন সেনারা। অন্যদিকে ইরানও নিখোঁজ মার্কিন সেনাকে ধরার চেষ্টা চালাচ্ছিল।
উদ্ধারের পরিস্থিতি এখনো পুরোপুরি স্পষ্ট নয়, তবে অভিযানের সঙ্গে পরিচিত একজন ব্যক্তি এটিকে দক্ষিণ ইরানে পরিচালিত একটি ‘বৃহৎ’ যুদ্ধকালীন অনুসন্ধান ও উদ্ধার অভিযান হিসেবে বর্ণনা করেছেন। এ ছাড়া বিবিসি জানতে পেরেছে, উদ্ধার অভিযানের সময় মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছিল এবং বিমান থেকে বের হওয়ার সময় পাইলট আহত হয়ে থাকতে পারেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, নিখোঁজ মার্কিন ক্রু সদস্যকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী উদ্ধার করেছে এবং তিনি এখন ‘সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ’ আছেন।
তিনি আরও বলেন, ‘আমরা তাকে পেয়েছি! আমার সহনাগরিক মার্কিনরা, গত কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মার্কিন ইতিহাসের সবচেয়ে সাহসী অনুসন্ধান ও উদ্ধার অভিযানের একটি সফলভাবে সম্পন্ন করেছে।’
ট্রাম্প বলেন, নিখোঁজ ওই ক্রু সদস্য ‘অত্যন্ত সম্মানিত একজন কর্নেল’, যিনি ‘ইরানের বিপজ্জনক পাহাড়ি এলাকায় শত্রুপক্ষের পেছনে ছিলেন এবং শত্রুরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছিল’, তবে মার্কিন বাহিনী ‘২৪ ঘণ্টা তার অবস্থান নজরদারিতে রেখেছিল’। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তিনি আনন্দের সঙ্গে জানাচ্ছেন যে তিনি ‘এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন’।
অন্যদিকে ইরানি গণমাধ্যমে বলা হয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সেনারা একজন নিখোঁজ বিমান সেনাকে খুঁজে বের করার সময় একটি মার্কিন ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। বাহিনীর জনসংযোগ কার্যালয় জানিয়েছে, মার্কিন ড্রোনটি ইরানের দক্ষিণাঞ্চলীয় ইসফাহান প্রদেশে বিধ্বস্ত হয়েছে। তবে মার্কিন কর্তৃপক্ষ এখনো বিষয়টি নিশ্চিত করেনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিখোঁজ মার্কিন ক্রু সদস্যকে উদ্ধারের কথা নিশ্চিত করার আগে ইরানের স্থানীয় মানুষরাও অনুসন্ধান অভিযানে যোগ দিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শত শত মানুষ ইরানের দক্ষিণ-পশ্চিমে একটি পর্বতময় অঞ্চলে যাচ্ছিলেন নিখোঁজ মার্কিন বিমান সেনাকে খুঁজতে। এমনকি ইরানের সামরিক বাহিনী ওই ক্রু সদস্যকে জীবিত ধরে আনার জন্য প্রায় ৬৬ হাজার মার্কিন ডলার পুরস্কারের ঘোষণাও দিয়েছিল।
ইরান দাবি করেছে, তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানকে গুলি করে বিধ্বস্ত করেছে। বিমানটির পাইলটকে পরে মার্কিন বাহিনী উদ্ধার করেছিল, তবে দ্বিতীয় ক্রু সদস্য একজন অস্ত্র ব্যবস্থা কর্মকর্তা এক দিনেরও বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন।