সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কড়া নিরাপত্তার মধ্যে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, আজ শুক্রবার ভোরে কারাবন্দী সাবেক এই প্রধানমন্ত্রীকে পত্রাস বুখারি রোড হয়ে হাসপাতালে নিয়ে আসা হয় এবং ১ নম্বর গেট দিয়ে ভেতরে নেওয়া হয়।
রাষ্ট্রীয় উপহারের তথ্য গোপনের দায়ে ২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। এছাড়া ১৯০ মিলিয়ন পাউন্ডের দুর্নীতি মামলায় তিনি বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন। কারাগারে থাকাকালীন তার স্বাস্থ্যের অবনতি ঘটায় দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
পিটিআই প্রতিষ্ঠাতা হাসপাতালে পৌঁছানোর পর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে সেখানে যান ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সৈয়দ আলী নাসির রিজভী।
সাবেক প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি তদারকি করতে বৃহস্পতিবার রাতেও তিনি হাসপাতালটি পরিদর্শন করেছিলেন।
ক্রীড়াঙ্গন থেকে রাজনীতিতে আসা ইমরান খানের চিকিৎসার সুবিধার্থে বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়।
এ বিষয়ে অবগত সূত্রগুলো জানিয়েছে, নিরাপত্তা ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা চূড়ান্ত করতে রাজধানীর প্রশাসন, পুলিশ, জেল কর্তৃপক্ষ ও রেঞ্জার্সসহ সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষের প্রতিনিধিরা হাসপাতালে উপস্থিত ছিলেন।
ডনের হাতে আসা ইসলামাবাদ পুলিশের একটি নিরাপত্তা সংক্রান্ত আদেশের তথ্য অনুযায়ী, হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখার ৮০০ জনেরও বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।