গোপালগঞ্জ জেলা কারাগারে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের খাবার সরবরাহ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত ভিডিও এবং তথ্য বিভ্রান্তিকর বলে দাবি করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর দাবি, খাবার সরবরাহ করতে গিয়ে তাদের কর্মীরা দুর্বৃত্তদের বাধার মুখে পড়েন এবং জিম্মি করে খাবার ছিনিয়ে নেওয়ার পর সেই ভিডিওকে ভিন্নভাবে প্রচার করা হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাহিনীর গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে আনসার ব্যাটালিয়ন সদস্যরা দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনরত সদস্যদের খাবার সরবরাহের জন্য গোপালগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সিভিল স্টাফ খাবার নিয়ে যাওয়ার সময় পথে বিভিন্ন বাধা ও প্রতিকূলতার সম্মুখীন হন।
একপর্যায়ে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত খাবার বহনকারী কর্মীদের জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন করে খাবার ছিনিয়ে নেয় বলে দাবি করা হয়েছে। পরে খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে নিজেদের কর্মকাণ্ড হিসেবে প্রচার করা হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
আনসার-ভিডিপির দাবি, `‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে কিছু গণমাধ্যমে প্রকাশিত খবর প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। খাবার সরবরাহের সঙ্গে জড়িত কর্মীদের জিম্মি করে খাবার ছিনিয়ে নেওয়ার ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছে বাহিনীটি।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃঙ্খলা, জননিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। দায়িত্ব পালনরত সদস্যদের খাবার সরবরাহের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।
এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার নিন্দা জানিয়ে বাহিনীটি যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত তথ্য বিবেচনায় নিয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের অনুরোধ করা হয়েছে।