নেপালে ভয়াবহ বন্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯ জনে পৌঁছেছে বলে জানিয়েছে পুলিশ। চীন নিশ্চিত করেছে, তিব্বত অংশে বন্যায় তিনজনের মৃত্যু হয়েছে। ফলে এই দুর্যোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯২-এ।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভোতে কোশি-ত্রিশূলী করিডোর অঞ্চলে ভেসে যাওয়া বা বিচ্ছিন্ন হয়ে পড়াদের উদ্ধারে এখনো অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের গতকাল বৃহস্পতিবার রাতের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে ৯১০ জন নিখোঁজ বা ‘যোগাযোগ বিচ্ছিন্ন’ রয়েছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব মতে, এর মধ্যে ২৮৮ জন ভারতীয় নাগরিকের কোনো খোঁজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি।
তবে নেপাল সরকার নিহতদের জাতীয়তা আলাদা করে প্রকাশ না করায় তাদের মধ্যে কোনো ভারতীয় আছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সীমান্তের ওপারে তিব্বতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৫৫৮ জন নিখোঁজ হওয়ার কথা জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।
বেইজিংও নিখোঁজদের দেশভিত্তিক তালিকা প্রকাশ করেনি। ফলে এই তালিকায় কতজন অন্যান্য দেশের নাগরিক রয়েছেন, তা স্পষ্ট নয়। এছাড়া আরও প্রায় দুই শতাধিক ভারতীয় বর্তমানে তিব্বতে আটকে আছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, নেপালে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা ২৮৮ জন ভারতীয়র মধ্যে ৭৩ জন ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিলেন।