ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া ব্যাপক অভিবাসন কড়াকড়ি প্রক্রিয়ার অংশ হিসেবে কনস্যুলার কর্মকর্তাদের জন্য একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে যুক্তরাষ্ট্র। আর এ কারণে বিশ্বজুড়ে নতুন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত রাখা হয়েছে।
গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান, বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী ওই মুখপাত্র বলেন, প্রশিক্ষণ সেশনের সঙ্গে সমন্বয় রাখতে ভিসা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচিতে পরিবর্তন আনা হবে।
তবে এই প্রশিক্ষণের মূল বিষয়বস্তু কী কিংবা এই পরিবর্তন কত দিন স্থায়ী হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, কোনো আবেদনকারী ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সরকারি সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন কি না, তা সঠিকভাবে যাচাই করতে কনস্যুলার কর্মকর্তাদের প্রস্তুত করা এবং ভিসা আবেদনগুলো যেন ‘সামগ্রিকভাবে ও সামঞ্জস্যপূর্ণভাবে’ মূল্যায়ন করা যায়, তা নিশ্চিত করাই এ কর্মসূচির উদ্দেশ্য।
ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, যেসব অভিবাসী ভিসা আবেদনকারীর সাক্ষাৎকার নির্ধারিত ছিল, তাদের ইমেইল পাঠিয়ে জানানো হয়েছে যে অ্যাপয়েন্টমেন্টের সময় পুনর্বিন্যাস করা হচ্ছে এবং নতুন তারিখ সম্পর্কে পরে জানিয়ে দেওয়া হবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অব্যাহত কঠোর অভিবাসন পদক্ষেপের মধ্যেই এ সিদ্ধান্ত এলো। ট্রাম্প প্রশাসনের এই অভিযানে এরই মধ্যে বিভিন্ন অজুহাতে ভিসা ও গ্রিন কার্ড বাতিল এবং আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে, যার মধ্যে আবেদনকারীদের রাজনৈতিক মতামত ও ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশগ্রহণের মতো বিষয়গুলোও রয়েছে।
ট্রাম্প অবশ্য দাবি করেছেন, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।