ইসলামাবাদে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (পিআইএমএস) গাইনি বিভাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে।
পাকিস্তানের রাজধানীর হাসপাতালটিতে আজ বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, পিআইএমএস কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার সময় গাইনি বিভাগে ১৬ নবজাতক ভর্তি ছিল। এর মধ্যে কেবল একটি শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
উদ্ধারকর্মীরা বলছেন, গাইনি বিভাগে থাকা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কম্প্রেসর বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়।
সংবাদ পেয়ে উদ্ধারকারী দল দ্রুত হাসপাতালে পৌঁছায়। তারা ভেতরের সবাইকে সরিয়ে নেওয়ার পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনে এবং শীতলীকরণ কার্যক্রম পরিচালনা করে।
এই ঘটনায় হাসপাতালের নবজাতক ও মাতৃসেবা কেন্দ্রগুলোর নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।