ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ১০ ফিলিস্তিনি নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরায়েলি গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৪১৭ জনে দাঁড়িয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।
তুরস্কের আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, দৈনিক পরিসংখ্যান প্রতিবেদনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে ১০টি মরদেহ এবং ২৫ জন আহতকে আনা হয়।
হতাহতের সুনির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রণালয়। তবে ২০২৫ সালের অক্টোবরে হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি সেনাবাহিনী গাজার বিভিন্ন স্থানে গোলাবর্ষণ ও গুলি চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করা হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় বেশ কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন। অ্যাম্বুলেন্স ও জরুরি সহায়তা কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৩ জনে। আহত হয়েছেন আরও ৪ হাজার ২৪৮ জন।
সব মিলিয়ে গাজায় ইসরায়েলি গণহত্যায় মোট নিহতের সংখ্যা ৭৩ হাজার ৪১৭ এবং আহতের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৩৬০ জনে পৌঁছেছে।
এই প্রাণহানির পাশাপাশি ইসরায়েলের সামরিক অভিযানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো অঞ্চল।
গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, যার পুনর্নির্মাণ খরচ প্রায় ৭ হাজার কোটি ডলার হতে পারে বলে ধারণা করছে জাতিসংঘ।