ওষুধের সঙ্গে যৌথভাবে প্রয়োগ করা নতুন এক টিকা ট্রায়ালে অংশগ্রহণকারী রোগীদের ত্বকের ক্যানসার পুনরায় ফিরে আসা ঠেকিয়ে দিয়েছে, যা ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে এক যুগান্তকারী মোড় হিসেবে বিবেচিত হচ্ছে।
ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্ক এবং মডার্নার তৈরি এই টিকা উচ্চ ঝুঁকিপূর্ণ মেলানোমায় (এক ধরনের ত্বকের ক্যানসার) আক্রান্ত রোগীদের অস্ত্রোপচারের পর দেওয়া হয়েছিল।
প্রতিষ্ঠান দুটির ঘোষণা অনুযায়ী, প্রাথমিক ফলাফলে দেখা গেছে, নতুন টিকাটি রোগীদের ক্যানসারমুক্ত থাকার মেয়াদ বৃদ্ধি করেছে। তবে এই প্রভাব ঠিক কতদিন বজায় থাকবে, তা এখনো অস্পষ্ট।
বিবিসি বলছে, ক্যানসার বিশেষজ্ঞরা এ ঘটনাকে চিকিৎসাবিজ্ঞানে বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখলেও সতর্কতার ওপর জোর দিচ্ছেন। কারণ ট্রায়ালের পূর্ণাঙ্গ ফলাফল এখনো প্রকাশ করা হয়নি কিংবা পিয়ার-রিভিউ (যেখানে স্বাধীন বিশেষজ্ঞরা ট্রায়ালের ফলাফল পর্যালোচনা ও যাচাই করেন) করা হয়নি।
এমনকি ট্রায়াল বা পরীক্ষামূলক প্রয়োগের পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পর চিকিৎসা পদ্ধতিটিকে নিয়ন্ত্রণকারী সংস্থার অনুমোদন পেতে হবে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবায় (এনএইচএস) সাধারণ রোগীদের দেওয়ার আগে আরও একটি স্তরের অনুমোদন লাগবে।
ইন্টিসমেরান নামের এই টিকা কিট্রুডা নামের একটি ইমিউনোথেরাপি ওষুধের সঙ্গে যৌথভাবে দেওয়া হয়েছিল, যা আগে থেকেই ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে।
প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, কেবল কিট্রুডা প্রয়োগের চেয়ে এই ওষুধ ও টিকা একসঙ্গে ব্যবহার করায় রোগীদের দীর্ঘদিন ক্যানসারমুক্ত থাকার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং শরীরের অন্যান্য অঙ্গে ব্যাধিটি ছড়িয়ে পড়ার ঝুঁকি কমেছে।
তৃতীয় ধাপের এই ট্রায়ালে উচ্চ ঝুঁকিপূর্ণ স্টেজ টু, স্টেজ থ্রি কিংবা স্টেজ ফোর মেলানোমায় আক্রান্ত এক হাজারের বেশি রোগী অংশ নিয়েছিলেন।
এর অর্থ হলো, নির্দিষ্ট স্থানে বড় আকারের টিউমার থাকা রোগী থেকে শুরু করে শরীরের অন্যান্য অংশে ক্যানসার ছড়িয়ে পড়া রোগীরাও এই গবেষণায় অন্তর্ভুক্ত ছিলেন।