২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি (সোমবার)। একই হিসাবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ৯ মার্চ (মঙ্গলবার)। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারভিত্তিক একটি ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের বরাতে জর্ডান নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৯ শাবান, শনিবার সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখার চেষ্টা করা হবে। তবে জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব বলছে, ওই দিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। তাদের ধারণা, এবার শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ৭ ফেব্রুয়ারি (রোববার) শাবান মাসের শেষ দিন হতে পারে। সে ক্ষেত্রে পরদিন ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে শুরু হবে রমজানের রোজা।
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব সম্ভাব্য দিনক্ষণ সম্পর্কে ধারণা দিলেও নতুন চাঁদ দেখা যাওয়ার বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
এদিকে ১৪৪৮ হিজরি সনের প্রথম দিন নির্ধারণ নিয়েও মুসলিম দেশগুলোর মধ্যে কিছুটা পার্থক্য দেখা গেছে। কিছু দেশে ১৬ জুন (মঙ্গলবার) থেকে নতুন হিজরি বছর শুরু হলেও অন্য কয়েকটি দেশে ১৭ জুন (বুধবার) থেকে হিজরি সন গণনা করা হয়েছে।
ফলে ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে এখন থেকেই ধারণা পাওয়া গেলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটি ও ধর্মীয় কর্তৃপক্ষের ঘোষণার অপেক্ষা করতে হবে।