মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করার দাবির জবাবে ইরানের এক জ্যেষ্ঠ কূটনীতিক বলেছেন, ‘টুইট করে, বিমানবাহী রণতরি পাঠিয়ে, আদেশ বা নির্বাচনী ভাষণ দিয়ে হরমুজ প্রণালি দখল করা যায় না।’
যুক্তরাষ্ট্রের প্রতি পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আজ শনিবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘ইরান হুমকিকে ভয় পায় না। আবার শক্তি প্রদর্শন করেও তাকে ভয় দেখানো যায় না।’
তিনি বলেন, ‘হরমুজ প্রণালি ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে।’
তুরস্কের আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, গারিবাবাদি বলেন, ‘এই প্রণালি কেবল ইরানের নির্দেশেই বন্ধ বা খোলা হবে। যতক্ষণ না তোমরা (যুক্তরাষ্ট্র) পরাজয়ের বাস্তবতা মেনে নিচ্ছো এবং কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসছো, ততক্ষণ ইরান হরমুজে অবরোধ বজায় রাখবে।’
এর আগে গতকাল শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প জানান, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে পূর্ণাঙ্গ অবরোধ কার্যকর করতে যাচ্ছে।
তিনি বলেন, ‘ইরানকে পুরোপুরি পরাজিত করার পর খুব শিগগিরই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করব।’
ইরানি কর্মকর্তারা বারবার বলে আসছেন, যতদিন যুক্তরাষ্ট্র সেখানে হস্তক্ষেপ অব্যাহত রাখবে, নৌ অবরোধ বজায় রাখবে এবং তেহরান ও ওয়াশিংটনের মধ্যে জুনে হওয়া চুক্তির শর্তগুলো পূরণ না করবে, ততদিন হরমুজ প্রণালি পুনরায় খুলবে না।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শুক্রবার ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে এবং মার্কিন বাহিনী এই নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে বলেই তিনি মনে করেন।
ট্রাম্পের দাবি নাকচ করে ইরানের যুদ্ধ পরিচালনাকারী সর্বোচ্চ সামরিক সমন্বয়কারী সংস্থা খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেন, ‘ইরানের অনুমতি ও তত্ত্বাবধান ছাড়া কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে দেওয়া হবে না।’