যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননের একটি বাড়িতে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। হামলায় বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
লেবাননের জাতীয় বার্তা সংস্থা (এনএনএ) এ তথ্য নিশ্চিত করে বলেছে, আজ শনিবার ভোরের দিকে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে নাবাতিয়েহ জেলার আনসার শহরের উপকণ্ঠে ওই বাড়িতে হামলা চালানো হয়।
তুরস্কের আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, জরুরি সহায়তা দলগুলো ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের উদ্ধারে কাজ করছে।
জাতীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, প্রায় দুই মাস আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লেবাননের এত ভেতরে এটিই ইসরায়েলের প্রথম হামলা।
এদিন নাবাতিয়েহ আল-ফাওকা শহরের উপকণ্ঠে আলী আল-তাহের পাহাড়েও আলাদাভাবে বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৬ জুন বৈরুত ও তেল আবিবের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়া সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।
লেবাননে ২ মার্চ শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৪ হাজার ৩৩৫ জন নিহত এবং ১২ হাজার ২৭৭ জন আহত হয়েছেন।
চুক্তিতে লেবাননের দখলকৃত ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীকে ক্রমান্বয়ে সরে যাওয়ার কথা বলা হয়েছে, যার বিনিময়ে সেখানে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে এবং সশস্র গোষ্ঠীগুলোকে (হিজবুল্লাহর দিকে ইঙ্গিত করে) অস্ত্রচ্যুত করা হবে।
ইসরায়েল দক্ষিণ লেবাননের বেশ কিছু এলাকা দখল করে রেখেছে, যার একাংশ তারা কয়েক দশক ধরে এবং বাকি অংশ ২০২৩ ও ২০২৪ সালে যুদ্ধের সময় দখল করে।
আর চলমান আগ্রাসনে লেবানন ভূখণ্ডের ভেতরে ১০ কিলোমিটারের বেশি অগ্রসর হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।