সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তার ভাই মাহের আল-আসাদ ও চাচাতো ভাই আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। প্রায় ১৪ বছর ধরে চলা যুদ্ধে সংঘটিত বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় মঙ্গলবার (১২ আগস্ট) দামেস্কের ফৌজদারি আদালত তাদের এই সাজা দেন। আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর বর্তমানে রাশিয়ায় নির্বাসিত জীবনযাপন করছেন বাশার আল-আসাদ। তাকে অনুপস্থিতিতে পূর্বপরিকল্পিত হত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
বাশার আল-আসাদের ছোট ভাই মাহের আল-আসাদকেও অনুপস্থিতিতে পূর্বপরিকল্পিত হত্যা ও নির্যাতনের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তিনিও বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন।
এ ছাড়া সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা বিভাগের সাবেক প্রধান আতেফ নাজিবকে ‘মানবতাবিরোধী অপরাধের’ দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গত বছরের জানুয়ারিতে সিরিয়ার কর্তৃপক্ষ তাকে আটক করে।
২০১১ সালে দেরায় সরকারবিরোধী বিক্ষোভে নাজিবের নেতৃত্বে চালানো প্রাণঘাতী দমন-পীড়ন থেকেই দেশটিতে গণঅভ্যুত্থানের সূচনা হয়, যা পরে গৃহযুদ্ধে রূপ নেয়। রায় ঘোষণার সময় কারাগারের পোশাক পরে খাঁচার ভেতরে দাঁড়িয়ে ছিলেন নাজিব।
আদালতের ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ১৫ বছরের কম বয়সী শিশুদের ইচ্ছাকৃতভাবে হত্যা, এবং এমন নির্যাতনের অভিযোগ রয়েছে যার ফলে ভুক্তভোগীর মৃত্যু হয়েছে।