মার্কিন অভিবাসন নীতিতে কড়াকড়ি
অভিবাসন-সংক্রান্ত সুবিধা পাওয়ার আবেদন প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম অনুযায়ী, ভিসা, গ্রিন কার্ড, নাগরিকত্বসহ বিভিন্ন অভিবাসন সুবিধার জন্য জমা দেওয়া আবেদন অসম্পূর্ণ বা প্রয়োজনীয় নথিপত্রবিহীন হলে আবেদনকারীকে অতিরিক্ত তথ্য বা প্রমাণ জমা দেওয়ার সুযোগ না দিয়েই তা সরাসরি বাতিল করতে পারবেন অভিবাসন কর্মকর্তারা।
টাইমস অব ইন্ডিয়া আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রে পড়াশোনা, চাকরি বা স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করা হাজারো আবেদনকারী প্রভাবিত হতে পারেন।
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থার (ইউএসসিআইএস) পক্ষ থেকে বলা হয়, আবেদন জমা দেওয়ার সময়ই আবেদনকারীকে প্রমাণ করতে হবে, তিনি সংশ্লিষ্ট অভিবাসন সুবিধা পাওয়ার যোগ্য।
সংশোধিত নির্দেশনা অনুযায়ী, কোনো আবেদনের সঙ্গে প্রয়োজনীয় প্রাথমিক নথিপত্র না থাকলে বা আবেদনকারী তার যোগ্যতার পর্যাপ্ত প্রমাণ দিতে ব্যর্থ হলে কর্মকর্তারা রিকোয়েস্ট ফর এভিডেন্স (আরএফই) বা নোটিস অব ইনটেন্ট টু ডিনাই (এনওআইডি) জারি না করেই আবেদন বাতিল করতে পারবেন।
ইউএসসিআইএস এক বিবৃতিতে বলেছে, ‘যে ব্যক্তি আবেদন করবেন, আবেদন জমা দেওয়ার সময় সংশ্লিষ্ট অভিবাসন সুবিধা পাওয়ার যোগ্যতা প্রমাণের দায়িত্ব তারই।
‘পাশাপাশি আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেই যোগ্যতা বজায় রাখার বিষয়টিও তাকেই নিশ্চিত করতে হবে।’
সংস্থাটি জানায়, তাদের আবেদনপত্র ও নির্দেশিকায় প্রতিটি অভিবাসন সুবিধার জন্য প্রয়োজনীয় নথি ও প্রমাণের তালিকা আগেই উল্লেখ করা থাকে। ফলে আবেদনকারীরা শুরুতেই পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে পারেন।
ইউএসসিআইএসের মতে, নতুন নীতির ফলে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) দীর্ঘদিনের নিয়ন্ত্রক ক্ষমতার সঙ্গে আবেদন প্রক্রিয়ার আরও সামঞ্জস্য তৈরি হবে।
একই সঙ্গে অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়বে এবং ভিত্তিহীন বা অযৌক্তিক আবেদন জমা দেওয়ার প্রবণতা কমবে।
এই নির্দেশনার মাধ্যমে বাইডেন আমলে চালু হওয়া একটি নীতি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র।
ওই নীতিতে আবেদন অসম্পূর্ণ হলে বা প্রয়োজনীয় নথি না থাকলে তাৎক্ষণিকভাবে বাতিল না করে সাধারণত আবেদনকারীকে রিকোয়েস্ট ফর এভিডেন্স (আরএফই) পাঠিয়ে অতিরিক্ত তথ্য দেওয়ার সুযোগ দিতে কর্মকর্তাদের উৎসাহিত করা হতো।