লোহিত সাগরের পর এবার ইয়েমেনের দক্ষিণ উপকূলের এডেন উপসাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের একটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
তাদের দাবি, ক্ষেপণাস্ত্রটি সরাসরি ডেইজি নামের জাহাজটিতে আঘাত হানে এবং এটিকে পথ বদলে ফিরে যেতে বাধ্য করে।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে হুতিরা জানায়, অভিযানটি ‘সফলভাবে’ পরিচালিত হয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি সরাসরি জাহাজে আঘাত হেনেছে।
এর আগে গতকাল বুধবার লোহিত সাগরের উত্তরাঞ্চলে ইয়ানবু উপকূলের কাছে ওয়াফা নামে সৌদি আরবের একটি তেলবাহী ট্যাংকারে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করে হুতি বিদ্রোহীরা।
হুতিদের বৃহস্পতিবারের বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের ওপর আরোপিত অবরোধের জবাবে সৌদি আরবের বিরুদ্ধে তাদের ঘোষিত ‘অবরোধের জবাবে অবরোধ’ নীতির অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়।
হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে বলা হয়, তারা সৌদি আরবের তেলবাহী জাহাজগুলোর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইয়েমেনের জনগণের ‘ন্যায্য দাবি’ পূরণ এবং দেশটির ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা দক্ষিণ লোহিত সাগর কিংবা উত্তরের সমুদ্রপথ দিয়ে সৌদি তেলবাহী জাহাজ চলাচল করতে দেবে না।
হুতিদের এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, বুধবার ইয়েমেনের এডেন শহর থেকে দক্ষিণ-পূর্বে ৯৫ নটিক্যাল মাইল দূরে একটি তেলবাহী জাহাজের কাছে জোরালো বিস্ফোরণের খবর তারা পেয়েছে।
ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, জাহাজের সব নাবিক নিরাপদ আছেন। পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।
তবে ইউকেএমটিও যে জাহাজের কথা বলেছে, সেটিই হুতিদের দাবি করা হামলার লক্ষ্যবস্তু কি না, তা এখনো স্পষ্ট নয়।