হরমুজ প্রণালিতে প্রভাব বিস্তার এবং ইরানকে দুর্বল করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জনে ‘ব্যর্থ হয়েছে’ বলে দাবি করেছেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্য বর্তমান পরিস্থিতি ‘বিশৃঙ্খল ও প্রতিকূল’।
ইরানের এই সামরিক কর্মকর্তা আজ রোববার এ মন্তব্য করেন বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানিয়েছে আল জাজিরা।
শেকারচি বলেন, ওয়াশিংটন এখন ‘নতুন কৌশল’ খুঁজছে। আর এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র সরে আসবে কি না, তা ‘জায়নবাদীদের (ইসরায়েলের) অনুমতির ওপর নির্ভর করছে’।
এদিকে ইরানের সেনাবাহিনী এদিন হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইসলামি প্রজাতন্ত্রটির ওপর হামলা অব্যাহত রাখার পথ বেছে নেয়, তাহলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে সেনাবাহিনীর আরেক মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেন, ‘আমার বিশ্বাস, আমেরিকানরা যদি আবারও জায়নবাদীদের ফাঁদে পা দেয় কিংবা তাদের সুরে সুর মিলিয়ে, বিশেষ করে বিমান হামলার মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়ার ওপর জেদ ধরে, তাহলে ভৌগোলিকভাবে এই যুদ্ধ আরও বিস্তার লাভ করবে।’
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘যুদ্ধ এরই মধ্যে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল-মান্দেবে ছড়িয়ে পড়েছে। আমাদের অভিযানের পরিধি এখন জর্ডানে মার্কিন ঘাঁটি থেকে শুরু করে আরব উপসাগরীয় দেশগুলোসহ সমগ্র অঞ্চলে বিস্তৃত।’
এ পরিস্থিতিতে ইসরায়েল জানিয়েছে, হোয়াইট হাউসে আগামী মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।