সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় মধ্যরাতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্তত ২০টি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া এলাকায় ভাঙন শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন আরও তীব্র আকার ধারণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভয়াবহ এ ভাঙনে কে কে পশ্চিম জোতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়েছে। এ ছাড়া জনতা উচ্চ বিদ্যালয়ের একটি অংশ নদীতে ভেঙে পড়েছে। পাশাপাশি অন্তত ২০টি বসতভিটা যমুনার গর্ভে হারিয়ে গেছে। ভাঙনের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নদীতীরবর্তী এলাকায় ভাঙন অব্যাহত থাকায় ক্ষয়ক্ষতি কমাতে স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ির মালামাল, গবাদিপশু ও প্রয়োজনীয় সামগ্রী দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। অনেক পরিবার খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
ভাঙনকবলিত এলাকাবাসীর অভিযোগ, প্রায় এক সপ্তাহ ধরে এলাকায় নদীভাঙন চললেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এরই মধ্যে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন আরও ভয়াবহ রূপ নিয়েছে।
উল্লেখ্য, চৌহালী উপজেলার বাঘুটিয়া ও খাসপুখুরিয়া ইউনিয়নসহ বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রায় এক মাস ধরে যমুনার ভাঙন অব্যাহত রয়েছে। স্থানীয়রা দ্রুত টেকসই নদীভাঙন প্রতিরোধ ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানিয়েছেন।