সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি থাকলেও ইয়েমেনিরা মনে করে না যে, হুতি ও রিয়াদের মধ্যকার সংঘাতে পাকিস্তান হস্তক্ষেপ করবে। যদি করে, তাহলে তারা ধরে নেবে, পাকিস্তান শোষিত নয়; শোষকের পক্ষে অবস্থান নিয়েছে।
ইয়েমেনের সাংবাদিক হুসেইন আল-বুখাইতি আজ বৃহস্পতিবার আল জাজিরাকে এমনটাই বলেছেন।
আল-বুখাইতি বলেন, ‘পাকিস্তান যদি সৌদি ও হুতিদের এই সংঘাতের মাঝে ঢুকে পড়ে, তাহলে এটাই প্রমাণিত হবে, পাকিস্তান শোষিতের বিপক্ষে গিয়ে শোষকদের পক্ষ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
ইয়েমেনের এই সাংবাদিক বলেন, ‘আমরা ইয়েমেনিরা আজও সেই সময়কার কথা স্মরণ করি, যখন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান (যিনি ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত ক্ষমতায় ছিলেন) হুতিদের বিরুদ্ধে লড়তে পাকিস্তানি সেনা পাঠানোর বিষয়ে সৌদি আরবের বারবার করা অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন।’
আল-বুখাইতি বলেন, ‘ইয়েমেনের জনগণ মনে করে, সৌদিদের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হওয়ার পর এখন যদি পাকিস্তান এই সংঘাতে জড়িয়েও পড়ে, তাহলে তা চূড়ান্ত ফলাফলে কোনো প্রভাব ফেলবে না; বরং এতে পাকিস্তানের সুনাম চিরতরে ক্ষুণ্ন হবে।’