হরমুজ প্রণালির পরিস্থিতি যুদ্ধপূর্ব অবস্থায় ফিরতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাগের গালিবাফ। তিনি বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিন বাহিনী অপসারিত হলেই কেবল এই প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গতকাল বুধবার রাতে দেওয়া এক পোস্টে গালিবাফ এ কথা বলেন বলে জানিয়েছে এনডিটিভি।
স্পিকার বলেন, ইরানকে যদি তাদের অপরিশোধিত তেল বিক্রি করতে দেওয়া না হয়, তাহলে উপসাগরীয় অঞ্চলের অন্য কোনো দেশকেও তা করতে দেওয়া হবে না। এই সংঘাত এখন ‘সবাই পাবে, নয়তো কেউই পাবে না’ পর্যায়ে পৌঁছে গেছে।
ইরানের এই নেতা বলেন, ‘যে অঞ্চলে আমরা তেল বিক্রি করতে পারব না, সেখানে অন্য কাউকেও তেল বিক্রি করতে দেওয়া হবে না। আমাদের নিরাপত্তা যদি নিশ্চিত না হয়, তাহলে কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।
‘মার্কিন বাহিনীর অনুপস্থিতির ওপরই এই প্রণালির নিরাপত্তা নির্ভর করছে। আমরা বারবার বলেছি, হরমুজ প্রণালির পরিস্থিতি আগের অবস্থায় আর ফিরবে না।’
গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সতর্কবার্তার পরই এই হুঁশিয়ারি দিলেন গালিবাফ।
ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালিতে ইরান কোনো জাহাজে হামলা চালালেই মার্কিন বাহিনী ইরানের একটি করে সেতু বা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করবে।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘এখন থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরান যদি হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন বা অন্য যেকোনো অস্ত্রের সাহায্যে কোনো জাহাজে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের একটি করে সেতু বা বিদ্যুৎ কেন্দ্র বোমা মেরে উড়িয়ে দেবে; যার মধ্যে রাজধানী তেহরানে বা তার আশপাশের অবকাঠামোও অন্তর্ভুক্ত থাকবে।’