ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে একটি অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত নয়জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস ও অন্যান্য উদ্ধারকারী সংস্থা। শনিবার (১৮ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আহমেদাবাদের ভাস্ত্রাল এলাকায় অবস্থিত ট্যালেন্ট ফায়ারওয়ার্কস নামের একটি আতশবাজি কারখানায় বিকেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। কারখানাটির লাইসেন্স আগেই বাতিল করা হলেও সেটি স্থানীয় একটি খামারে অবৈধভাবে পরিচালিত হচ্ছিল।
বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে মণিনগর সিভিল হাসপাতাল ও এলজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে বিস্ফোরণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নেন।
এদিকে দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
প্রধানমন্ত্রী মোদি ঘোষণা দেন, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি এবং আহত প্রত্যেককে ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে কাজ করছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।