অবৈধভাবে অর্থ স্থানান্তরের অভিযোগে তৃণমূল কংগ্রেসের আরও ১২টি ব্যাংক হিসাব জব্দ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। এসব হিসাবে এক হাজার কোটি রুপিরও বেশি অর্থ জমা রয়েছে।
পুলিশের কাছে অভিযোগটি করেছেন তৃণমূলেরই বিধায়ক এবং সম্প্রতি দলটির বিদ্রোহী শিবিরে যোগ দেওয়া সন্দীপন সাহা।
এর আগে ৪৪০ কোটি রুপি থাকা তৃণমূলের আরও তিনটি ব্যাংক হিসাব জব্দ করেছিল পুলিশ এবং পরবর্তীতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
পুলিশের ওই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। অন্যদিকে ইডির পদক্ষেপকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল শুক্রবার বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখা বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংককে নোটিশ পাঠানোর পর ওই ১২টি হিসাব জব্দ করা হয়।
পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘আমরা ওই হিসাবগুলোর বিস্তারিত তথ্যও চেয়েছি। তদন্তের স্বার্থে আপাতত ব্যাংকগুলো ওইসব হিসাবের লেনদেন স্থগিত করেছে।’
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের বিধায়ক সন্দীপন সাহার করা একটি এফআইআরের ভিত্তিতে পুলিশ এই পদক্ষেপ নেয়।
বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দলের বিদ্রোহী শিবিরে যোগ দেন সন্দীপন সাহা।
সন্দীপনের অভিযোগ, ওই হিসাবগুলো থেকে অবৈধভাবে তহবিল স্থানান্তর করা হয়।