পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪০ জন নিহত হওয়ার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। দুর্ঘটনায় আহত আটজনের মধ্যে একজন দাবি করেছেন, চলন্ত বাসে যাত্রীদের মধ্যে ‘তর্কাতর্কি ও হাতাহাতির’ জেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।
এর আগে বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ বার্তা সংস্থা এপিকে বলেছিলেন, চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি গভীর খাদে ছিটকে পড়ে। বাসটি আগে থেকেই পূর্ণ ছিল। পথে বিকল হয়ে পড়া আরেকটি বাসের যাত্রীদেরও তাতে তুলে নেওয়া হয়। এতে বাসটি অতিরিক্ত যাত্রীবোঝাই হয়ে পড়ে।
গতকাল শুক্রবার ভোরে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ার সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকা দানা সারের কাছে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী দল বর্তমানে নিহতদের পরিচয় শনাক্তের কাজ করছে।
দি ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, দুর্ঘটনা সম্পর্কে হাসপাতালে চিকিৎসাধীন বাসটির এক যাত্রী স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, পথে বিকল হয়ে যাওয়া বাসের যাত্রীদের তুলে নেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
সেই উত্তেজনা একপর্যায়ে চলন্ত বাসের ভেতরেই হাতাহাতিতে রূপ নেয়।
অভিযোগ উঠেছে, সেসময় এক ক্ষুব্ধ যাত্রী চলন্ত অবস্থাতে চালকের গলা চেপে ধরেন। এর পরপরই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এ বিষয়ে জানতে চাওয়া হলে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় বেঁচে ফেরা ওই যাত্রীর দাবি এখনো যাচাই করা হয়নি।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার আসল কারণ জানতে তদন্ত চলছে।