তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা চত্বরে জড়ো হওয়া লাখ লাখ মানুষের মুখে এখন শুধুই ‘প্রতিশোধ' ও ‘আমেরিকার ধ্বংস চাই' স্লোগান।
ঘটনাস্থল থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শোকার্ত মানুষের অনেকের হাতে রয়েছে লাল ব্যানার, যা ইরানি সংস্কৃতিতে প্রতিশোধের প্রতীক হিসেবে বিবেচিত। তারা সমস্বরে ‘প্রতিশোধ, প্রতিশোধ’ বলে স্লোগান দিচ্ছেন।
এর আগে আজ শনিবার সকালে খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানের মেট্রো স্টেশনের বাইরে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। দ্রুতগতির এই যোগাযোগ ব্যবস্থাটি খোলার অপেক্ষায় ছিলেন তারা, যেন সময়মতো অনুষ্ঠানস্থলে পৌঁছাতে পারেন।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গ্র্যান্ড মোসাল্লা চত্বরের দিকে যাওয়া রাস্তাগুলো শেষবিদায় জানাতে আসা মানুষের ঢলে ক্রমশই মুখরিত হয়ে উঠছে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, কালো পোশাক পরিহিত হাজার হাজার মানুষ রাস্তায় ভিড় জমিয়েছেন। তাদের হাতে উড়ছে ইরানের জাতীয় পতাকা এবং বিভিন্ন ধরনের ব্যানার।
এএফপি জানিয়েছে, আজ সকালে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই লাখ লাখ শোকার্ত মানুষ গ্র্যান্ড মোসাল্লা চত্বরে প্রবেশ করতে শুরু করেন।
বিশাল এই চত্বরের মূল প্রাঙ্গণ এরই মধ্যে ইরানিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
বিদায় অনুষ্ঠান নির্বিঘ্ন করতে কর্তৃপক্ষ রাজধানীজুড়ে ব্যাপক ট্রাফিক বিধিনিষেধ আরোপ করেছে।