ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে ৭০০ হেক্টরেরও (১ হাজার ৭৩০ একর) বেশি বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বলে গতকাল বুধবার জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ভূমধ্যসাগরীয় উপকূলীয় অঞ্চল হেরোর বোফোর শহরে প্রথম এই দাবানলের সূত্রপাত ঘটে। পরে তা দ্রুত কাছের অদ অঞ্চলে ছড়িয়ে পড়ে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলে এরই মধ্যে ৭০০ হেক্টর বনভূমি সম্পূর্ণ পুড়ে গেছে। প্রবল বাতাস ও বৈরী আবহাওয়ার কারণে আগুন দ্রুত অদ অঞ্চলের উত্তর-পূর্ব দিকে ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি বিবেচনায় প্রশাসন পুজল-মিনেরভোয়া ও মাইয়াক গ্রামের বেশ কিছু বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। বাকি বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ফায়ার সার্ভিসের সদস্যরা নির্বিঘ্নে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে পারেন।
দুর্ঘটনা এড়াতে এলাকার বেশ কয়েকটি সড়ক আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাসিন্দাদের জরুরি সেবা সংস্থার নির্দেশনাবলী মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে গত মঙ্গলবার কাছের ভার অঞ্চলের ফ্রেজুস শহরেও পৃথক দাবানলের সৃষ্টি হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ো বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রায় ৩০ হেক্টর (৭৪ একর) বনভূমি পুড়িয়ে দেয়।
সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের প্রায় ২০০ সদস্য। তাদের সহায়তায় ৭৩টি জরুরি যান, তিনটি উড়োজাহাজ এবং তিনটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।