নিরাপত্তা প্রহরীর চোখে ধুলো দিয়ে গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সূচালো চূড়ায় উঠে পড়েন দুঃসাহসী দুই তরুণ-তরুণী। প্রচণ্ড গরমে পুড়তে থাকা শহরের প্রায় ১ হাজার ৪৫০ ফুট উঁচুতে দাঁড়িয়ে মুখোশধারী এই যুগল একটি ব্যানার ওড়ান এবং একে অপরকে বিয়ের প্রস্তাব দেন।
তবে এই দুঃসাহসিক কাণ্ডের চূড়ান্ত পরিণতি ঘটে পুলিশি হেফাজতে।
সিএনএন জানিয়েছে, নিউইয়র্ক সিটির অন্যতম আইকনিক এই স্থাপত্যে নিরাপত্তার এমন নজিরবিহীন লঙ্ঘন ঘটে বুধবার দুপুরের দিকে।
আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তার ভাষ্য, মুখোশধারী ওই তরুণ-তরুণী সুপরিচিত স্টান্ট পারফরমার অ্যাঞ্জেলা নিকোলাউ ও ইভান কুজনেতসভ। এই ঘটনায় তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। তদন্ত এখনও চলছে। কীভাবে তারা সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ ও সংরক্ষিত এলাকায় প্রবেশ করলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ঘটনার সময় জরুরি সেবা ইউনিটের দুজন কর্মকর্তা চারটি মই বেয়ে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ার সূচালো অংশে থাকা ওই যুগলের কাছে পৌঁছান। এরপর তাদের নিরাপদে নিচে নামিয়ে এনে গ্রেপ্তার করা হয়।
বডিক্যামেরার একটি রোমহর্ষক ভিডিওতে এক কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘যেখানে আছেন, সেখানেই থাকুন। কেমন আছেন আপনারা? আপনারা এখানে আসতে পারেন না।’
জবাবে ওই তরুণী বলেন, ‘আমি ঠিক আছি।’
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) সাবেক ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রু ম্যাককেব সিএনএনকে বলেন, ‘এই বিপজ্জনক স্টান্ট শহর ও পুলিশ প্রশাসন এবং ভবনের মালিক পক্ষকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে।
‘উপযুক্ত ধারায় এই ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনকে সম্ভাব্য সবকিছু করতে হবে। কারণ তারা কোনোভাবেই এমন সুযোগ দিতে পারেন না, যা দেখে অন্য কেউ অনুপ্রাণিত হয়ে একই কাজ করার চেষ্টা করবে।’
বিবিসি বলছে, এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় ৩২ বছর বয়সী ইভান হাঁটু গেড়ে আংটি বাড়িয়ে ৩৩ বছর বয়সী অ্যাঞ্জেলাকে বিয়ের প্রস্তাব দেন বলে দেখা গেছে।
এরপর পরস্পরকে চুম্বন করার পর তারা উঁচু ওই ভবনের চূড়ায় অন্তত ১০ মিনিট অবস্থান করেন।
আকাশচুম্বী ভবনটির চূড়ায় যে ব্যানারটি তারা ওড়ান, তাতে লেখা ছিল, ‘ক্ষমতার প্রতি ভালোবাসাকে যখন ভালোবাসার শক্তি পরাজিত করবে, তখনই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে।’
ইভান ও অ্যাঞ্জেলা মূলত রাশিয়ার মস্কোর বাসিন্দা হলেও বর্তমানে নিউজার্সির ইস্ট অরেঞ্জে বসবাস করছেন। তাদের প্রেম এবং বিপজ্জনক উচ্চতায় চড়ার নেশা নিয়েই নির্মিত হয় নেটফ্লিক্সের প্রামাণ্যচিত্র ‘স্কাইওয়াকার্স: আ লাভ স্টোরি’; ২০২৪ সালের জানুয়ারিতে সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে যার প্রিমিয়ার হয়।