হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার ১৪ ঘণ্টা পর ফের দক্ষিণ লেবাননের কয়েকটি শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
এতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।
এনএনএর প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২০ জুন) সকালে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার বিভিন্ন এলাকায় বিমান ও কামানের গোলাবর্ষণ করা হয়। এতে বেশ কিছু বাড়িঘর ও আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থাটি জানায়, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের আরব সালিম শহরে আঘাত হানলে তিনজন নিহত হন।
এছাড়া দেইর আল-জাহরানি শহরে আরেকটি হামলায় একজন এবং সকাল সাড়ে ৭টার দিকে আল-দুয়ের শহরে ড্রোনের সাহায্যে একটি মোটরসাইকেল লক্ষ্য করে চালানো হামলায় আরও একজন নিহত হন।
নির্ভরযোগ্য এক সূত্র সিএনএনকে জানিয়েছে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন এই যুদ্ধবিরতি শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে কার্যকর হয়।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর চলমান আলোচনা যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখন শুক্রবার দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর নতুন করে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৪৭ জন নিহত হন। গত মার্চের শুরুতে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর এটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ রক্তক্ষয়ী দিন।
এই সংঘাত নিরসনে আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে আরও এক দফা কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।