ভারতের আসাম রাজ্যের জোরহাট শহরে বিমানবাহিনীর একটি উড়োজাহাজ অবতরণের সময় বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাঁচজন সেনা নিহত হয়েছেন। শনিবার (১৩ জুন) সকালের এ ঘটনায় উড়োজাহাজটির কো-পাইলট আহত হয়েছেন।
বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে।
দুর্ঘটনায় প্রাণ হারানো বিমানবাহিনীর পাঁচ সদস্যের পরিচয় শনাক্ত করেছে ভারতীয় বিমানবাহিনী। তারা হলেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাবত ও অগ্নিবীরবায়ু দানিশ আলম।
প্রাথমিক তথ্য অনুযায়ী, অবতরণের সময় এএন-৩২ উড়োজাহাজটি বিমানঘাঁটির ভেতরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর এতে আগুন ধরে যায়।
উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার কারণ এখনো জানা যায়নি বলে এক প্রতিবেদনে বলেছে এনডিটিভি।
এ ঘটনায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংবাদমাধ্যমকে বলেন, ‘জোরহাটে বিমানবাহিনীর একটি পরিবহন বিমান দুর্ঘটনার বিষয়ে অবগত আছি। আমরা আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছি।’
মাস কয়েক আগে রাজ্যের কারবি আংলং জেলায় ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুজন পাইলট নিহত হওয়ার পর এই দুর্ঘটনা ঘটল।
এএন-৩২ শক্তিশালী দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান, যা ভারতীয় বিমানবাহিনীর প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচিত।
মূলত ভারতের বিশেষ প্রয়োজনীয়তা মাথায় রেখে সোভিয়েত ইউনিয়নে প্রথম এই বিমান তৈরি করা হয়। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীতে প্রায় ১০০টি এএন-৩২ বিমান রয়েছে।
অত্যন্ত প্রতিকূল পরিবেশে, বিশেষ করে উচ্চ পার্বত্য অঞ্চলের বিমানঘাঁটি এবং চরম উষ্ণ গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে দক্ষতার সঙ্গে উড্ডয়নের জন্য এই বিমান বিশেষভাবে তৈরি।
এটি সর্বোচ্চ সাড়ে ৭ টন মালামাল, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার পরিবহন করতে পারে।