ওমান উপকূলে ইরানের একটি পণ্যবাহী জাহাজে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে এ ঘটনা ঘটে।
ইরানের সিরিক কাউন্টির গভর্নরের বরাতে দেশটির সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।
সিরিকের গভর্নর রেজা শাহিদিয়ান জানান, ১৫০ টন ধারণক্ষমতাসম্পন্ন এই পণ্যবাহী জাহাজের মালিক সিরিকের স্থানীয় বাসিন্দারা। ওমানের খাসাব বন্দর থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ফেরার পথে খাসাব উপকূল থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল দূরে জাহাজটি হামলার শিকার হয়।
তিনি বলেন, জাহাজে থাকা মোট ৫ জন ক্রুর সবাইকে পাশ দিয়ে যাওয়া অন্য নৌযানগুলো উদ্ধার করে ওমানে নিয়ে গেছে।
ঠিক একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওমানে ভারতীয় দূতাবাস জানায়, ওমানের শিনাস বন্দরের কাছে একটি জাহাজে দুর্ঘটনার খবর তারা পেয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা আজ বৃহস্পতিবার ওমানের শিনাস বন্দরের কাছে একটি জাহাজে দুর্ঘটনার খবর পেয়েছি।
‘আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং বিস্তারিত তথ্যের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রাখছি।’
মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, এমটি জলবীর নামের ওই জাহাজে বৃহস্পতিবার আগুন লাগে। এতে ২০ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে পাঁচজনকে কাছাকাছি থাকা নৌযান উদ্ধার করে ওমানে নিয়ে যায়।