মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া উত্তেজনার জেরে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। একই সঙ্গে দেশটিতে ভ্রমণ না করার আগের সতর্কবার্তাও পুনর্ব্যক্ত করা হয়েছে।
বুধবার (১০ জুন) এক সতর্কবার্তায় ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, ‘আঞ্চলিক পরিস্থিতির কারণে ইরাকে থাকা মার্কিন নাগরিকদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে এবং স্থানীয় সংবাদমাধ্যমের খবরের ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।’
সতর্কবার্তায় বলা হয়, ‘যেকোনো সময় আগাম নোটিশ ছাড়াই আকাশপথ বন্ধ এবং যোগাযোগ বা যাতায়াতব্যবস্থা ব্যাহত হতে পারে।’
তুরস্কের আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইরাক ভ্রমণের ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের লেভেল ৪ ট্রাভেল অ্যাডভাইজরির বিষয়টি এদিন আবারও মনে করিয়ে দেয় দূতাবাস।
যুক্তরাষ্ট্র সরকারের জারি করা সতর্কবার্তার মধ্যে এটিই সর্বোচ্চ ধাপ।
সতর্কবার্তায় স্পষ্ট করে বলা হয়, ‘যেকোনো কারণেই হোক, এখন ইরাক ভ্রমণ করবেন না। আর আপনারা যদি বর্তমানে সেখানে অবস্থান করে থাকেন, তাহলে এখনই দেশ ছাড়ুন।’