ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের অদূরে ৭.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৩ জন নিহত এবং পাঁচজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে এই শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। কম্পনের তীব্রতায় বেশ কিছু বহুতল ভবন ধসে পড়েছে এবং রাস্তাঘাটে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি থাকা জেনারেল সান্তোস সিটি থেকে। সরকারি বার্তা সংস্থা ফিলিপাইন ইনফরমেশন এজেন্সির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শহরের বড় বড় ভবন ও বিপণিবিতান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, মিন্দানাওয়ের জেনারেল সান্তোস সিটিতে জলিবিস রেস্তোরাসহ একটি তিনতলা ভবন ধ্বংসস্তূপ ও ধুলোর মেঘের মধ্যে ধসে পড়ছে। অন্যান্য ছবিতে ভবনগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে, যার মধ্যে ভাঙা জানালা ও ধসে পড়া ছাদও ছিল।
ভয়াবহ এই দুর্যোগের পর দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ফিলিপাইন রেড ক্রস। এরই মধ্যে সংস্থাটির উদ্ধারকারী দল মাঠে নেমে কাজ শুরু করেছে।
উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রসৈকত থেকে দূরে এবং উঁচু স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসি