মন্ত্রী-প্রতিমন্ত্রীদের (সমমর্যাদার সহ) সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের (পিএস) বেতন বাড়িয়েছে সরকার। অর্থ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। এর আগে, ৩১ মার্চ অর্থ বিভাগে চিঠি পাঠিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে মতামত জানতে চায়।
চিঠিতে বলা হয়, সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার এপিএসদের বেতন নবম গ্রেডের অষ্টম ধাপে নির্ধারণ করা হয়েছে। এতে তাদের মাসিক মূল বেতন দাঁড়াবে ৩২ হাজার ৫৪০ টাকা।
এর আগে, এপিএসদের বেতন নবম গ্রেডের শুরু ধাপে ২২ হাজার টাকা থেকে নির্ধারণ করা হতো। তবে বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত ইনক্রিমেন্ট যোগ করে বেতন সমন্বয় করা হতো।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত ৩২ হাজার ৫৪০ টাকা মূল বেতনের পাশাপাশি তারা বিধি অনুযায়ী অন্যান্য ভাতা পাবেন। তবে এই কাঠামোর অধীনে কোনো বার্ষিক ইনক্রিমেন্ট, পেনশন, আনুতোষিক বা ভবিষ্য তহবিল সুবিধা থাকবে না।
এই বেতন কাঠামো শুধুমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যারা মন্ত্রী বা প্রতিমন্ত্রীর (সমমর্যাদা) এপিএস এবং উপমন্ত্রীর একান্ত সচিব হিসেবে সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগ পান।
অন্যদিকে, সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগপ্রাপ্ত এপিএসদের ক্ষেত্রে এই নতুন গ্রেড প্রযোজ্য হবে না। তারা সংশ্লিষ্ট নিয়োগ ও বিধি অনুযায়ী বেতন ও সুবিধা পাবেন।