ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় (নিট) প্রশ্নফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার দিল্লির যন্তর-মন্তরে অনুষ্ঠিত এই বিক্ষোভ হচ্ছে। শনিবার (৬ জুন) সকালে দিল্লি পুলিশ বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে এসে আন্দোলনের নেতৃত্ব দেন।
বিমানবন্দরে পৌঁছানোর পর দিল্লি পুলিশের কর্মকর্তারা দিপকের সঙ্গে সাক্ষাৎ করে তাকে যন্তর মন্তরে যাওয়ার অনুমতি দেন। এর আগে দিপকে তার সমর্থকদের পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে অনুমতি পাওয়ার পর তিনি সবাইকে সরাসরি যন্তর মন্তরে যাওয়ার অনুরোধ জানান। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ডিপকের হাতে ভারতীয় সংবিধানের অন্যতম রূপকার বি আর আমবেদকার-এর আত্মজীবনীর একটি কপি দেখা যায়।
এদিকে বিক্ষোভ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে দিল্লি পুলিশ। আয়োজকদের কর্মসূচি ঘিরে কেন্দ্রীয় দিল্লির বিভিন্ন এলাকায় প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
বিক্ষোভস্থলে বিতরণ করা এক লিফলেটে সিজেপি জানায়, এই আন্দোলনের লক্ষ্য হলো জবাবদিহি নিশ্চিত করা, ন্যায়বিচার দাবি করা এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আদায় করা।
লিফলেটে আরও দাবি করা হয়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে তাদের অনলাইন আবেদনে আট লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন।
এর আগে, গত ১৬ মে অভিজিৎ দিপকে ‘ককরোচ জনতা পার্টি’ নামে একটি ব্যঙ্গাত্মক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেন। ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত-এর ‘পরজীবী’ ও ‘তেলাপোকা’ সংক্রান্ত একটি মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের পর এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায় সংগঠনটি এবং অল্প সময়ের মধ্যেই লাখো অনুসারী অর্জন করে।
তথ্যসূত্র: এনডিটিভি