উত্তর নাইজারের সাহারা মরুভূমির একটি প্রত্যন্ত অঞ্চলে একটি যাত্রীবাহী ট্রাক বিকল হওয়ার পর সুপেয় পানির অভাবে ৪৯ জনের মৃত্যু হয়েছে। মুসলমানদের একটি উৎসবে যোগ দিয়ে মালি থেকে বাড়ি ফেরার পথে তাদের কাছে থাকা পানি ফুরিয়ে যায় এবং নাইজার ও আলজেরিয়ার মধ্যে একটি প্রধান সীমান্ত পারাপারের স্থান আসামাকা থেকে ৮০ কিলোমিটারেরও (৫০ মাইল) বেশি পশ্চিমে তারা আটকা পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে নাইজারের আগাদেজ গভর্নরেট।
বিবৃতিতে গভর্নরেট জানায়, ট্রাকের চালক, তার সহকারী এবং যাত্রীরা গাড়িটি মেরামতের চেষ্টা করেছিলেন। কিন্তু যানবাহনটি মেরামত করতে পারেননি। যাত্রীরা এক প্রতিকূল পরিবেশে আটকা পড়েন। সেখানে চরম তাপদাহ ও পানির অভাবে তাদের বেঁচে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অচল ট্রাকটির নিচে ও তার আশপাশ থেকে কয়েক ডজন নিথর দেহ উদ্ধার করা হয়েছে।’
তবে দুজন ব্যক্তি পায়ে হেঁটে ৫০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে নিকটবর্তী একটি পানির উৎসের কাছে পৌঁছাতে পেরেছিলেন। সেখান থেকে আসামাকায় গিয়ে তারা কর্তৃপক্ষকে খবর দেন। কর্তৃপক্ষ জানায়, নিহতদের গণকবরে দাফন করা হয়েছে।
সূত্র: বিবিসি