ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের তিনটি অফশোর (সমুদ্র উপকূলীয়) প্ল্যাটফর্মে পুনরায় গ্যাস উৎপাদন শুরু হয়েছে। এর আগে ইসরায়েলি হামলায় স্থলভাগের কিছু প্রক্রিয়াকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় এই প্ল্যাটফর্মগুলোতে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ।
পার্স অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানির প্রধান নির্বাহী তোরাজ দেহকানি রোববার (৩১ মে) আল জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইসরায়েলের হামলায় প্ল্যাটফর্মগুলোর কোনো ক্ষতি হয়নি। দক্ষিণ ইরানের বন্দর কাঙ্গানের কাছে ফেজ-১৪ রিফাইনারিসহ ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলোতে মেরামতের কাজ চলাকালে এই তিনটি প্ল্যাটফর্ম থেকে উৎপাদিত গ্যাস অঞ্চলের অন্যান্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে পাঠানো হচ্ছে।
আল জাজিরা বলছে, সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইরানের পুনরায় গ্যাস উৎপাদন শুরু করার বিষয়টি প্রতীকী এবং ব্যবহারিক, উভয় দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
প্রথমত ও প্রধানত, ইরান এর মাধ্যমে এই বার্তা দিতে চাইছে যে, তারা হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পুনর্গঠনের চেষ্টা করছে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের কয়েকটি তেলের ডিপোসহ অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়।
সাউথ পার্স ইরানের অন্যতম প্রধান জ্বালানি স্থাপনা। পুনরায় এটি চালু হওয়া অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ। তবে জ্বালানি রপ্তানির ক্ষেত্রে ইরান কতটা সফল হতে পারবে, তা দেখার জন্য আরও সময় লাগবে।
ইরানের অর্থনীতি যখন নিষেধাজ্ঞা, অবরোধের প্রভাব, যুদ্ধের ক্ষয়ক্ষতি এবং অন্যান্য কারণে অত্যন্ত সংকটাপন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন জ্বালানি রপ্তানি পুনরুদ্ধার তাদের প্রধান অগ্রাধিকার।