আল জাজিরার প্রতিবেদন
যুক্তরাষ্ট্র ও ইরান এ মুহূর্তে কোনো চুক্তিতে পৌঁছানো থেকে অনেক দূরে রয়েছে বলে মনে করছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ এসলামি।
তিনি বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প বিশ্ববাজার ও যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের ওপর থেকে চাপ কমানোর চেষ্টা করছেন। তবে মাঠপর্যায়ের পরিস্থিতি আর আলোচনার টেবিলের বাস্তবতা এখন কোনো চুক্তির সম্ভাবনা থেকে অনেক দূরে।’
তেহরান থেকে রোববার (৩১ মে) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথাগুলো বলেন।
এসলামি বলেন, ‘আমেরিকানরা এখনও তাদের একপাক্ষিক কল্পনার ঘোরে মগ্ন। তারা চায়, ইরান যেন এমন কিছু অপরিবর্তনীয় পদক্ষেপ নেয়, যার থেকে আর ফিরে আসা যাবে না। অথচ বিনিময়ে তারা নিজেরা ইরানকে তেমন কোনো স্থায়ী নিশ্চয়তা দিতে পারছে না। তাই আমার মনে হয়, পরিস্থিতি বর্তমানে অত্যন্ত নাজুক।’
ইরানের অর্থনীতির ওপর চাপ থাকলেও দেশটির সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে মনে করেন এই অধ্যাপক।
তিনি বলেন, ‘ইরানিরা তেল রপ্তানি অব্যাহত রেখেছে। বর্তমানে ইরানের তেল চীনে যাচ্ছে এবং ইরানি কর্তৃপক্ষ চীনা সরকার ও ক্রেতাদের কাছ থেকে নিয়মিত তাদের পাওনা অর্থ বুঝে পাচ্ছে।’